এনসিপি নেতার যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান, ছয় মাসের কারাদণ্ড

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
এনসিপি নেতার যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান, ছয় মাসের কারাদণ্ড

বিশেষ সংবাদদাতা: ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদের অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় ওই এনসিপি নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে কারখানা থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, শহরের গোয়ালচামট এলাকায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে একটি ভাড়া বাসায় ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামে অবৈধ কারখানাটি চালিয়ে আসছিলেন বায়েজিদ হোসেন শাহেদ। সেখানে অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট, আয়ুর্বেদিক ওষুধ এবং ক্ষতিকর বেবি জেল তৈরি ও বাজারজাত করা হতো।

যৌথ বাহিনীর অভিযানে সেখান থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ক্ষতিকর কাঁচামাল উদ্ধার করা হয়। অননুমোদিত ওষুধ উৎপাদনের দায়ে এনসিপি নেতা বায়েজিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কারখানার কর্মচারী জিল্লুর রহমানকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার করা মালামাল ধ্বংসের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন