সেতুতে রডের বদলে তার, ২ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে রডের বদলে জিআই তার ব্যবহার ও নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলজিইডির এক প্রকৌশলীকে বদলিসহ দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বেগমগঞ্জের জমিদারহাট-সাহেবেরহাট সড়কের ৪৯ মিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০২৩ সালে শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই অনিয়ম চলছিল। সম্প্রতি রাতের অন্ধকারে ব্রিজের ফুটপাত ও রেলিংয়ের স্ল্যাবে রডের পরিবর্তে তার ব্যবহার করে কাজ শেষ করার চেষ্টা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দিনে পথচারীদের চাপে তা ভাঙতে শুরু করলে বিষয়টি উন্মোচিত হয়।
ঘটনা জানাজানি হওয়ার পর এলজিইডির নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডলের নির্দেশে নিম্নমানের অংশগুলো ভেঙে অপসারণ করা হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হক ট্রেডার্স’কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অবহেলার অভিযোগে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঠিকাদার ফরহাদ আহমেদ জানান, অনিচ্ছাকৃত ভুলের কারণে এই ত্রুটি হয়েছে এবং দ্রুত প্রকৌশলীদের উপস্থিতিতে তা সংশোধন করা হচ্ছে।
এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, সিডিউল অনুযায়ী শতভাগ মান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঠিকাদারকে কোনো চূড়ান্ত বিল প্রদান করা হবে না।
এআইএল/সকালবেলা