রাজনগরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চা বাগান এলাকা থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের একটি নিমগাছ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনই রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের পাহাদার স্বপন রাজভর গাছে দুইজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। উভয়েরই আগের সংসারে সন্তান রয়েছে। এ নতুন বিয়েকে কেন্দ্র করে পরিবারের মধ্যে কলহ তৈরি হয়েছিল এবং এরই জের ধরে তাঁরা মাথিউড়া চা বাগান এলাকায় অবস্থান করছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পারিবারিক কলহের জের ধরে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
এআইএল/সকালবেলা
|