মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও টানা অতিবৃষ্টির কারণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী রবিবার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।
যুগ্ম সচিব গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের একাধিক হাওরে পানিতে তলিয়ে যাওয়া বোরো ধানের ক্ষেত ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে কৃষকরা তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে দ্রুত সরকারি সহায়তার দাবি জানান। মোঃ কামরুল ইসলাম চৌধুরী কৃষকদের আশ্বস্ত করে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান, খাদ্য সচিব স্যার মদনের বিভিন্ন হাওর ঘুরে দেখেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরিদর্শনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ রহমান মিজান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলের পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং তারা দ্রুত পুনর্বাসন ও সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা