ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন খালপাড় এলাকায় ‘জীনের বাদশা’ পরিচয়ধারী এক ধুরন্ধর প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন মো. মোশাররফ হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফেসবুকের মাধ্যমে চিকিৎসার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে দফায় দফায় প্রতারণার শিকার হন মিরপুরের এই বাসিন্দা।
ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, ফেসবুকে জীন-ভূতের চিকিৎসার বিজ্ঞাপন দেখে তিনি কথিত কবিরাজ মাওলানা আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক আব্দুল্লাহ প্রথম দফায় চিকিৎসার নাম করে ২ হাজার ৮০ টাকা বিকাশ নম্বর (০১৩০-৭৮৫৪৪৬৪) এর মাধ্যমে হাতিয়ে নেয়। এর দুই দিন পর পুনরায় ফোন করা হলে প্রতারক জানায়, তার রক্তের সাথে ‘খারাপ জিনিস’ মিশে আছে। বিশ্বাস স্থাপনের জন্য জনৈক এক নারী কণ্ঠে ‘জীনের’ সাথে কথা বলিয়ে দেওয়া হয়। এরপর মোশাররফ হোসেনকে ভালো করার প্রতিশ্রুতি দিয়ে ‘আল-হামদুলিল্লাহ’ বলিয়ে আরও ১২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় ওই চক্র।
টাকা দেওয়ার পর প্রতারক আব্দুল্লাহ আবারও ফোন করে দাবি করে, মোশাররফ হোসেনের শরীরে ‘কালো জাদু’ করা হয়েছে এবং এটি তার আপন লোকই করেছে। এই জাদু কাটাতে আরও ২৫ হাজার টাকা দাবি করা হয়। মোশাররফ হোসেন টাকা দিতে অস্বীকার করলে প্রতারক তাকে নানাভাবে ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন রাজধানীর ‘দৈনিক সকালের সময়’ কার্যালয়ে এসে সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পত্রিকাটির পক্ষ থেকে অভিযুক্ত মাওলানা আব্দুল্লাহর সেল ফোনে কল করা হলে সে অত্যন্ত ঔদ্ধত্য প্রদর্শন করে। এমনকি তার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি পাঠিয়ে সে দাবি করে— ‘সম্পাদক হলেও তার কিছুই করতে পারবেন না’। এনআইডি অনুযায়ী তার নাম মাওলানা আব্দুল্লাহ, পিতা: কারী মাওলানা জুবায়ের এবং ঠিকানা: মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
এ ঘটনায় ভুক্তভোগী মোশাররফ হোসেন আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ