কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুমন শেখ নামে এক ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন শেখ জানান, সোমবার রাতে তারাবীর নামাজ শেষে তিনি বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ দোতলায় চারটি বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তিনি উপরে গিয়ে নিজের বেডরুমে জানালার গ্লাস ভাঙা এবং দেয়ালে চারটি ছিদ্র দেখতে পান। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেন।

সুমন শেখ আক্ষেপ করে বলেন, "এ ঘটনার পর থেকে আমি এবং আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখন প্রাণের ভয়ে আতঙ্কে আছি।" গুলির ঘটনায় জানালার গ্লাস ভেঙে গেলেও পরিবারের কেউ হতাহত হননি। তবে জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জানতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন