খুলনায় অস্ত্রসহ জেমি গ্রুপের সদস্য গ্রেপ্তার
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর খালিশপুর থানার বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসী সংগঠন 'জেমি গ্রুপ'-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তফা কামাল (৪৮)। তিনি খালিশপুর বৈকালী বাজারের পেছনের এবি সিদ্দিক লেনের বাসিন্দা আব্দুল খালেক মৃধার ছেলে।
কেএমপির গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) আশরাফুল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তি অপরাধী গোষ্ঠী 'জেমি গ্রুপ'-এর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, উদ্ধার করা পিস্তলটির উৎস এবং সাম্প্রতিক কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতেও তদন্ত জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্র নিশ্চিত করেছে, নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী চক্র দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|