শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের ভেতর থেকে হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা এলাকার 'গ্রামীণ জেনারেল হাসপাতাল'-এর একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে ওই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে পেশাগত দায়িত্ব পালনের একপর্যায়ে একটি কক্ষে বিশ্রাম নিতে যান হাছিনা খানম। দীর্ঘ সময় পার হলেও কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় সহকর্মীরা তাঁকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না মেলায় সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে সহকর্মীরা দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই হাছিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন