ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে উজান কাশিয়াচর আবাসন প্রকল্প

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে উজান কাশিয়াচর আবাসন প্রকল্প

হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের উজান কাশিয়াচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকারি আবাসন প্রকল্প চরম হুমকির মুখে পড়েছে। দীর্ঘ দিন ধরে ইজারা ছাড়াই একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

এলাকাবাসীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে লিটন মিয়া, হুমায়ুন ও মকবুলসহ একটি চক্র এই অবৈধ বালুঘাট নিয়ন্ত্রণ করছে। প্রতিদিন শতাধিক ট্রাকে করে বালু বিক্রি করার পাশাপাশি নদীর ভিটেমাটিও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, স্টিলের নৌকায় করে বালু তুলে আবাসন প্রকল্পের একেবারে কাছে স্তূপ করা হচ্ছে, যার ফলে নদীর তীরভাঙন তীব্র আকার ধারণ করেছে।

আবাসন প্রকল্পের বাসিন্দা আজিজুল ইসলাম জানান, প্রতিদিন সকাল থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে আগামী বর্ষা মৌসুমে পুরো আবাসন প্রকল্প নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘরবাড়ি রক্ষার জন্য দ্রুত এই অবৈধ বালুঘাট বন্ধে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দীর্ঘদিন ধরে ইজারা ছাড়া বালু উত্তোলনের ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি পরিবেশগত বিপর্যয়ও নেমে আসছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের জরুরি ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন