জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৩টায় পৌর মিলনায়তনে এই বাজেট পেশ করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।

ঘোষিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। বিপরীতে সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। আয়-ব্যয়ের হিসাব শেষে বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।

পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান, আলী আজগর ইমন, হুমায়ূন কবির ফরিদী, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন, আল আমীন, শাহ ফুজায়েল আহমদ, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম আহমদ প্রমুখ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, "এই প্রস্তাবিত বাজেট জগন্নাথপুর পৌরসভার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেটে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো বরাদ্দ ধরা হয়নি।"

তিনি আরও বলেন, "রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, জনস্বাস্থ্য সেবা বৃদ্ধি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য জগন্নাথপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানসম্মত বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কাম্য।"

বাজেট অনুষ্ঠান শেষে মুক্ত আলোচনায় পৌরসভার বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীগণ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন