মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ আটজন গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ণ
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ আটজন গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর এলাকায় পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ভারতীয় চকলেট ও কম্বলসহ আটজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় চোরাই পণ্য বহনের দায়ে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

আজ সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার (২০ জুন) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি আইসার ট্রাক গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটি থেকে ভারতীয় বিভিন্ন নামী ব্র্যান্ডের চকলেট ও মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকে থাকা দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, গতকাল রবিবার (২১ জুন) সকাল সোয়া ৮টার দিকে একই পুলিশ দল শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির ভেতরের বিভিন্ন কাবার্ড থেকে অবৈধ উপায়ে আনা ৩৭২টি ভারতীয় ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও সদর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্যগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন