প্রক্সি দিয়ে পাস, যোগদানে এসে আটক

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
প্রক্সি দিয়ে পাস, যোগদানে এসে আটক

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে চাকরিতে যোগ দিতে এসে নোয়াখালীতে পুলিশের হাতে আটক হয়েছেন দুই জালিয়াত চক্রের সদস্য। প্রবেশপত্রে ছবি জালিয়াতি ও অন্যের মাধ্যমে 'প্রক্সি' পরীক্ষা দিয়ে পাস করার বিষয়টি যাচাই-বাছাইয়ে ধরা পড়লে কর কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

গতকাল রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে অবস্থিত ‘কর অঞ্চল নোয়াখালী’র প্রধান কার্যালয়ে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপত্র পাওয়া কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপত্র পাওয়া নাসফুর উল্যাহ হুমায়ুন। তারা যথাক্রমে নোয়াখালী সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালীর বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক নাসফুর উল্যাহ হুমায়ুনের আপন মামা কর বিভাগেই কর্মরত রয়েছেন।

কর অঞ্চল নোয়াখালী কার্যালয়ের উপ-কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে এই অঞ্চলের ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রোববার নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় মূল কাগজপত্র ও মেডিক্যাল রিপোর্টসহ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী যোগদান করতে এলে কামাল ও হুমায়নকে দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাদের দুজনের হাতের লেখা পরীক্ষা করা হলে মূল খাতার লেখার সঙ্গে চরম গরমিল পাওয়া যায়। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন যে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। এরপরই তাদের সুধারাম থানা পুলিশে সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি বড় জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেছিলেন। ওই চক্রটি টাকার বিনিময়ে অন্য মেধাবী লোক দিয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে। জালিয়াতি পাকা করতে তারা আবেদনের সময়ই প্রবেশপত্রে নিজেদের ছবির জায়গায় সুকৌশলে প্রক্সি দাতার ছবি যুক্ত করে দিয়েছিল, যাতে পরীক্ষার হলে কেউ ধরতে না পারে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কর কার্যালয় থেকে আটক দুই ভুয়ো প্রার্থীকে থানায় হস্তান্তর করা হয়েছে। কর কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন