বেতাগীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ
বেতাগীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আকস্মিক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত এই র‍্যালিকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে বেতাগী পৌর শহরে এই ঝটিকা র‍্যালিটি বের হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র‍্যালিতে মূল নেতৃত্ব দেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিফাত সিকদার। তাঁর নেতৃত্বে দলটির কয়েকজন নেতাকর্মী ও অনুসারী র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বেতাগী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, র‍্যালি চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন।

ঝটিকা এই মিছিলের বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বিস্ময় প্রকাশ করে বলেন, “এ ধরনের কোনো মিছিল বা র‍্যালির বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

পৌর শহরে হঠাৎ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে এই মিছিল সম্পন্ন হলো এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে দিকেই এখন নজর রাখছেন স্থানীয়রা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন