‘মাঝে মাঝে স্বপ্নের মতো মনে হয় এই যাত্রা’
অভিনয়ের দীর্ঘ এই সফর সম্পর্কে আজিজুল হাকিম বলেন, ‘চোখের পলকে অভিনয়ে ৫০ বছর পার করছি। মাঝে মধ্যে স্বপ্নের মতো মনে হয় এই যাত্রা।’ নাট্যগুরু মামুনুর রশীদের হাত ধরে গ্রুপ থিয়েটার ‘আরণ্যক’ থেকে শুরু হওয়া এই পথচলায় তিনি সবটুকু কৃতিত্ব ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর সহধর্মিণী নাট্যকার জিনাত হাকিমকে।
মঞ্চের ছোট চরিত্র থেকে ছোটপর্দায় রোমান্টিক হিরো হয়ে ওঠার সোনালি সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, কয়েক প্রজন্মের শিল্পী ও নির্মাতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি।’ বর্তমানে নীলয়, জোভান, আরশ বা মনোজ প্রামাণিকদের মতো নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করাটা তিনি দারুণ উপভোগ করেন। নতুনদের থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন এই বরেণ্য অভিনেতা।
শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমির মতো গুণী অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সোনালি স্মৃতি শেয়ার করতে গিয়ে তিনি জানান, ‘হাকিম-শমী’ জুটি এক সময় দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। শোবিজে দীর্ঘ সময় কাজ করেও কোনো বিতর্ক বা নেতিবাচক সংবাদের শিরোনাম না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যে যার মতো করে পথ পরিচালনা করে। গসিপ বা বিতর্কের চেয়ে কাজের প্রতি মনোযোগই সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
আগামী বছর আনুষ্ঠানিকভাবে অভিনয়ে নিজের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন আজিজুল হাকিম। তার এই দীর্ঘ, স্বচ্ছ ও গৌরবময় অভিনয় জীবন বর্তমান প্রজন্মের শিল্পীদের জন্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা।
জান্নাত সকালবেলা
|