ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সবুজ ইসলাম (রাণীশংকৈল, ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে একটি র্যালি শেষে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাসপুকুরপাড়ে বসবাসরত প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সম্পাদক ওসমান আলী, নির্যাতনের শিকার তাবারক আলী, সংগঠনের সদস্য মো. মানিক ও আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিহীনদের ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে চরম হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভূমিহীনদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নির্যাতনের শিকার তাবারক আলী অভিযোগ করে বলেন, গত মাসের শেষের দিকে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হামলা এবং পুলিশের নির্যাতনের ঘটনা ঘটে। উল্টো এ ঘটনায় তাঁর বিরুদ্ধেই মামলা দায়ের করে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা মনগড়া মামলা প্রত্যাহার, আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা