ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় অনূর্ধ্ব-১৭ বালকদের নিয়ে আয়োজিত ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় উদীয়মান ফুটবলারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছিল। জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ২৪ জন খেলোয়াড় অংশ নেন। ১০ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে খেলোয়াড়দের ফুটবলের আধুনিক কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দলগত সমন্বয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ফুটবল খেলার বুট, জার্সি, শিনগার্ডসহ প্রয়োজনীয় উন্নত মানের ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। একইসঙ্গে খেলোয়াড়দের উৎসাহিত করতে আয়োজক কমিটির পক্ষ থেকে নগদ প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে) জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। এতে যুবসমাজ মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে থেকে সুস্থ-সবল জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। ভবিষ্যতেও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা ও অধ্যাবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, মাঠ পর্যায়ের এই প্রশিক্ষণ থেকেই আগামীর জাতীয় মানের ফুটবলার তৈরি হবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার ও সরঞ্জাম তুলে দেন অতিথিরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ