ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্লার পদত্যাগ

ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্লার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্লা (৩১) পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

দুই বাক্যের সংক্ষিপ্ত পদত্যাগপত্রে হায়দার মোল্লা লিখেছেন, ‘আমি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে হায়দার মোল্লা সংবাদমাধ্যমকে জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, আপাতত তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন না।

জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, "হায়দার মোল্লার পদত্যাগপত্র আমি পেয়েছি। এটি এখন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অধিকার রাখেন।"

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফরিদপুর জেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে ওই কমিটি অনুমোদিত হয়। কমিটি ঘোষণার মাত্র আড়াই মাসের মাথায় গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন হায়দার মোল্লা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন