ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি-র প্রশাসনিক দায়িত্ব বুঝে নেন। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মোঃ আবদুস সালামকে ডিএসসিসি-র প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই নিয়োগ কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে রাজধানীর আবর্জনা ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে নতুন প্রশাসক সরাসরি নেতৃত্ব দেবেন।

দায়িত্ব গ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে মোঃ আবদুস সালাম জানান, একটি তিলোত্তমা ও বাসযোগ্য ঢাকা গড়তে তিনি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করবেন। নাগরিক ভোগান্তি কমাতে এবং সংস্থাকে আরও গতিশীল করতে তিনি নগরবাসীর সহযোগিতাও কামনা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন