ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের দুই সমর্থক আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদ নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে প্রকল্প বাজার এলাকায় যান। সেখানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। হামলায় আহত এনসিপির দুই সমর্থককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংসদ সদস্য হান্নান মাসউদ ঘটনাস্থলেই সড়কের ওপর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, “বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে এই বেলাল মাঝি জড়িত ছিলেন। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এই স্থান ত্যাগ করব না।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ