চকরিয়ায় 'মাতামুহুরী' উপজেলা ও ৩ নতুন ইউনিয়ন গঠনের কাজ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় 'মাতামুহুরী' উপজেলা ও ৩ নতুন ইউনিয়ন গঠনের কাজ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মো. মিজানুর রহমান, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ শপথ গ্রহণের পরপরই তার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোরদার কার্যক্রম শুরু করেছেন। কক্সবাজার জেলার চকরিয়ায় 'মাতামুহুরী' নামে একটি নতুন পূর্ণাঙ্গ উপজেলা এবং আরও তিনটি নতুন প্রশাসনিক ইউনিয়ন গঠনের প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন ও জনসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার পথ সুগম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মাথায় তিনি তার নির্বাচনী এলাকার প্রশাসনিক পুনর্গঠনের কাজে হাত দেন। তার সরাসরি নির্দেশনায় গত শনিবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার উদ্যোক্তা, বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলের ৭টি ইউনিয়ন নিয়ে এই নতুন 'মাতামুহুরী' উপজেলা গঠিত হবে। উল্লেখ্য, গত ১৬ বছর ধরে এটি কেবল সাংগঠনিক উপজেলা হিসেবে পরিচিত থাকলেও এখন তা পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলায় রূপ নিতে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চকরিয়ার বৃহত্তর তিনটি ইউনিয়ন ভেঙে নতুন তিনটি ইউনিয়ন গঠন করা হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্তমান হারবাং ইউনিয়ন ভেঙে 'উত্তর হারবাং', ডুলাহাজারা ইউনিয়ন ভেঙে 'মালুমঘাট' এবং বরইতলী ইউনিয়ন ভেঙে 'পহরচাঁদা' নামে নতুন প্রশাসনিক ইউনিয়ন গঠিত হবে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই উদ্যোগের প্রশংসা করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। খুব শীঘ্রই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় মাতামুহুরী উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন ও চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইউএনও শাহীন দেলোয়ার জানান, জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মূল লক্ষ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, যাতে ভবিষ্যতে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন