ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন বাজারে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের মূল্য তালিকা এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় কোনো প্রকার অসাধু মুনাফা বা কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
অভিযান চলাকালে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয় এবং বাজারের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, "আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে র্যাব ও জেলা প্রশাসনের এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।"
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমরা নিয়মিত বাজার তদারকি করছি। কেউ যদি আইন অমান্য করে অযৌক্তিকভাবে দাম বাড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ