নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম ও রিফাত হোসেন উভয়েই স্থানীয় মৈকুলী এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জসিম উদ্দিন।
তিনি জানান, দুপুরে যাত্রী বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে রওয়ানা হয়েছিল। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং অপর তিনজন গুরুতর আহত হন।
পরিদর্শক জসিম উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা