ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলমকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডকে চাঁদাবাজির জের দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশ প্রাথমিকভাবে দাবি করছে, লেগুনার সিরিয়াল ও যাত্রী ওঠানামা নিয়ে দ্বন্দ্বের জেরে এই মারধরের ঘটনা ঘটেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। ওসি আরও জানান, নুরকে যারা মারধর করেছিলেন তারাও পেশায় লেগুনাচালক। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘নুরকে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদাবাজির সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। জনগণের জীবন বাঁচাতে দ্রুত চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, যাত্রাবাড়ী এলাকায় লেগুনাচালকদের বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয় এবং এটি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আধিপত্যের লড়াই চলে। এই হত্যাকাণ্ডটি চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ফল বলেই প্রতীয়মান হচ্ছে। স্বৈরতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরপরই এমন হত্যাকাণ্ড তাদের হতাশ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ