ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) কে এম বাবর মাঠপর্যায়ে তদারকি শুরু করেছেন। শনিবার সকালে তিনি জেলা শহরের প্রধান কাঁচাবাজার ও বিভিন্ন পাইকারি আড়ত সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি কে এম বাবর চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ ও সবজিসহ নিত্যপণ্যের দাম যাচাই করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "অযৌক্তিকভাবে দাম বাড়ালে বা কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।"
এমপি জেলা প্রশাসন, পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন দোকানের মূল্যতালিকা পরীক্ষা করেন। যেসব দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো ছিল না, তাদের দ্রুত তা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। তিনি বিশেষ করে আসন্ন রমজান ও উৎসবকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে সতর্ক থাকার আহ্বান জানান।
সংসদ সদস্যের এই আকস্মিক বাজার মনিটরিংকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানান, নিয়মিত এমন তদারকি অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস দূর হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ