কে ভোট দিয়েছে-কে দেয়নি সেটা বিবেচ্য নয়, সবাই আমার লোক: এমপি বাবুল

কে ভোট দিয়েছে-কে দেয়নি সেটা বিবেচ্য নয়, সবাই আমার লোক: এমপি বাবুল

জামালপুর প্রতিনিধি: জামালপুর-০৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, নির্বাচনে আমাকে কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেটি এখন আর আমার কাছে বিবেচ্য বিষয় নয়। যারা আমাকে ভোট দিয়েছেন তারা যেমন আমার লোক, যারা দেননি তারাও আমার লোক। আমি সবাইকে সাথে নিয়ে দল-মত নির্বিশেষে একটি অন্যায়-দুর্নীতিমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তুলতে চাই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। এছাড়াও সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সভায় জুলাই বিপ্লবে শহিদ হওয়া পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, অতীতে এই জনপদে যে অপরাজনীতি বা ভয়ের সংস্কৃতি ছিল, তা দূর করে একটি সুশাসিত সমাজ বিনির্মাণ করাই তার মূল অঙ্গীকার। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও দুর্নীতির স্থান হবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সংসদ সদস্যের এই ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সভায় উপস্থিত অতিথিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মেলান্দহ-মাদারগঞ্জ একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে উঠবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন