বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে: মাসুদ সাঈদী

বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি তার দেখা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ একটি নির্বাচন। সাধারণত বাংলাদেশের নির্বাচন মানেই নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, আহত হওয়া এবং হাজারো মামলার ঘটনা থাকলেও এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আশ্চর্যভাবে আমরা খেয়াল করেছি এবার সারা বাংলাদেশে একটি রক্তাক্ত ঘটনাও ঘটেনি; এজন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।

উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, জনপ্রতিনিধি এবং সরকারি চাকুরিজীবী—সবার লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন হওয়া উচিত। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ১৯৭১ সালে শোষণ ও বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা গত ৫৪ বছরেও পূর্ণাঙ্গভাবে বাস্তবে রূপ নেয়নি। তিনি আক্ষেপ করে বলেন, রাজনৈতিক পরিক্রমায় আমরা বারবার হোঁচট খেয়েছি এবং দীর্ঘ সময় ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়েছি। স্বৈরশাসকদের হাতে দেশের মানুষ নির্যাতিত ও নিগৃহীত হয়েছে।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে অন্তত ২০ বছর চলে গেছে ফ্যাসিবাদ ও স্বৈরাচার মোকাবিলা করতে। এই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারি কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও জনগণকে কাঙ্ক্ষিত রাষ্ট্র উপহার দিতে পারেননি। তবে এবারের নির্বাচনে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন বলেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের এই ইতিবাচক ভূমিকার জন্য তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন। বক্তারা পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন