ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন বন-প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং বনের ওপর নির্ভরতা হ্রাস করার লক্ষ্যে মোংলায় উন্নত চুলা (আইসিএস) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়মনি এলাকায় অবস্থিত ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ওয়াইল্ডটিমের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জয়মনি এলাকাটি সুন্দরবনের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর রান্নার কাজে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা অনেক বেশি। এর ফলে সুন্দরবন থেকে কাঠ সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পায়, যা বনের বাস্তুসংস্থানের জন্য হুমকিস্বরূপ। ওয়াইল্ডটিম জানায়, উন্নত চুলা ব্যবহারে সাধারণ চুলার তুলনায় প্রায় ৫০ ভাগ জ্বালানি সাশ্রয় হয়। এছাড়া এই চুলা ব্যবহারে ধোঁয়া কম উৎপন্ন হওয়ায় স্বাস্থ্যঝুঁকি হ্রাস পায় এবং পরিবারের রান্নার সময় ও জ্বালানি খরচ উভয়ই সাশ্রয় হয়। এটি দীর্ঘমেয়াদে সুন্দরবনের বনজ সম্পদের ওপর চাপ কমিয়ে বন সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার এবং ওয়াইল্ডটিম প্রতিনিধি আবু জাফর। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, এই উন্নত চুলা অত্যন্ত সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এটি ব্যবহার করলে পরিবারের খরচ কমার পাশাপাশি সুন্দরবনের ওপর জ্বালানির চাপও কমবে। তিনি স্থানীয়দের সুন্দরবন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ না করে নিজ এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, গাছ কাটলে সুন্দরবনের সরাসরি ক্ষতি হয়, তাই এই চুলা ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-২০২৫ মেয়াদে কেএফডব্লিউ ও আইইউসিএন-এর সহযোগিতায় ‘ইন্টিগ্রেটেড টাইগার হেবিটেট কনজারভেশন প্রোগ্রাম’-এর আওতায় পরিচালিত গবেষণায় দেখা গেছে, উন্নত চুলা ব্যবহারের ফলে জ্বালানি কাঠের ব্যবহার ৩০ ভাগ হ্রাস পেয়েছে। এছাড়া নির্বাচিত ৪৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার লাইটিং স্থাপনের মাধ্যমে গ্রাম-প্রান্তে আলোকিত পরিবেশ তৈরি করা হয়েছে এবং সাতক্ষীরায় ৩টি গ্রামকে ‘টাইগার টলারেন্ট ভিলেজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়াইল্ডটিম আগামী ৫ বছরে ১০০০টি এবং চলতি বছরে ২০০টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ