ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, কথিত সাংবাদিক মনিরুজ্জামান দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানা অজুহাতে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময় সাংবাদিকতার দোহাই দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও শিক্ষকদের নাজেহাল করা তার অভ্যাসে পরিণত হয়েছে। একাধিকবার মৌখিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও তিনি তাঁর আচরণ পরিবর্তন করেননি। শিক্ষকদের অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেন এবং শিক্ষকদের অতিষ্ঠ করে তুলেছেন। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মনিরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি লাইভে আসেন সাংবাদিক মনিরুজ্জামান। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষকরা নিষিদ্ধ গাইড বই অনুসরণ করার জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করছেন। আমি সাংবাদিক হিসেবে এর প্রতিবাদ করায় শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা নাটক ও কর্মসূচি পালন করছেন।” তিনি আরও দাবি করেন, এই অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। এ জাতীয় অপপ্রচারের বিচারের দাবিতে তিনি ইউএনও স্বাগুপ্তা হকের নিকট আবেদন জানাবেন এবং প্রয়োজনে আদালতের আশ্রয় নেবেন বলেও জানান।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাগুপ্তা হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “শিক্ষকরা সাংবাদিক মনিরুজ্জামানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ