ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার মহাভার গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা এবং রোপণ করা ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহাভার গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম ও তাঁর তিন সন্তান—আলতাহ হোসেন, আব্দুল মান্নান ও উমর ফারুক দীর্ঘদিন ধরে ৬২ নম্বর আরএস রেকর্ডভুক্ত জমি ভোগদখল করে আসছেন। তাঁদের দাবি, জমিটি ক্রয়সূত্রে প্রাপ্ত নিজস্ব সম্পত্তি এবং ১৯৯১ সাল থেকে নিয়মিত খাজনা পরিশোধ করে তাঁরা এটি চাষাবাদ করছেন।
তবে চলতি বছরে একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বাবুল আক্তার, মোশাররফ, ফুল মোহাম্মদ ও মৃত আমিরের ছেলে আব্দুর রহমান হঠাৎ করে জমিটির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, গত ৪ মার্চ বিকেলে আশরাফুল ইসলাম তাঁর জমিতে ধানের চারা রোপণ করলে অভিযুক্তরা সেখানে গিয়ে তা নষ্ট করে দেন। শুধু তাই নয়, তাঁর অন্য পৈত্রিক সম্পত্তির প্রায় ২ বিঘা জমির ধানের চারাও কেটে নষ্ট করার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়:
প্রায় ২০ থেকে ৩০ জন নারী-পুরুষ একত্রিত হয়ে দেশীয় অস্ত্র (হাঁসুয়া, কুড়াল, দা, বাঁশ ও লাঠিসোঁটা) নিয়ে জমিতে প্রবেশ করে।
তারা প্রায় ৯৪ ডেসিমেল জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন:
“জমি সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে এমন ফসল নষ্ট ও সশস্ত্র মহড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ