ইরান-ইসরায়েল যুদ্ধেও দেশে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধেও দেশে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও দেশে দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সমুদ্রপথে পণ্য পরিবহন দীর্ঘদিন ব্যাহত হলে আমদানি-রপ্তানির ব্যয় কিছুটা বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না। কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। তিনি বলেন, দীর্ঘদিন বিনিয়োগে স্থবিরতা ছিল। বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে, যাতে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

ইরান-ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যে এর কিছু প্রভাব পড়বে। বিশেষ করে সমুদ্রপথে পণ্য পরিবহন দীর্ঘদিন বাধাগ্রস্ত হলে পরিবহন ব্যয় বাড়তে পারে। তবে এ মুহূর্তে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই।

ফ্যামেলি কার্ড কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু করে সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকতার প্রমাণ দিয়েছে।

অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন