বসুন্ধরায় মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুন্ধরায় মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরার সি ব্লকের একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এবং বাবা মো. খোরশেদ আলী একজন সৌদিপ্রবাসী। জেরিন বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের মেসে ভাড়া থাকতেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেরিনকে দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

জেরিনের মামা মহসিন জানিয়েছেন, কী কারণে তাঁর ভাগনি এমন চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে পরিবার এখনো অন্ধকারে রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তাঁর সহপাঠী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন