ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নিরীহ এলাকাবাসীকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের এবং মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে জামালপুর ও শিমুলিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষকে হয়রানি করছে। বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ পরিচয়ে মাইনউদ্দিন, হালিম ও কাইয়ুম দেওয়ানের মদদে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বাধীন একটি চক্র এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত বছর জামালপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের কথা বলে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে জামালপুর গ্রামের সিরাজুল সরকার বলেন, নির্বাচনী ও ব্যক্তিগত বিরোধের জেরে তাকেসহ এলাকার অনেক নিরীহ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অপর বক্তা মো. আওলাদ হোসেন ও বাবু সরকার অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন ধরে এলাকাবাসীকে চাপের মুখে রাখা হয়েছে। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে ২৭টি পরিবারের সদস্যদের আসামি করায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও অপরাধী চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেন। তবে অভিযুক্ত জিতু রাঢ়ী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ব্যবসায়িক কারণে নারায়ণগঞ্জে বসবাস করেন এবং এসব ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ