চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে অবৈধভাবে তেল খালাসের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) ভোরের দিকে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে এই অভিযান পরিচালিত হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি তেলবাহী ট্যাংকলরি থেকে ড্রামে তেল ভরার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। এসময় আটটি ব্যারেলে থাকা প্রায় ১৭০০ লিটার পেট্রোলসহ পুরো ট্যাংকলরিটি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দকৃত ট্যাংকলরি ও পৃথক ব্যারেলগুলোতে মোট প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেশের অন্য কোনো জেলা থেকে এই তেল এনে চুয়াডাঙ্গার খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে খালাস করা হচ্ছিল।

ওসি বনি ইসরাইল আরও জানান, ঘটনাস্থল থেকেই তেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। তবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রকৃত মালিক কে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জ্বালানি তেলের এমন অবৈধ কারবার ঠেকাতে জেলা জুড়ে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন