ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রুমানা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ১৯ জন নেতাকর্মী মোট তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দুটি মামলা এবং পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। আজ সেই তিন মামলায় এই ১৯ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছিলেন। শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জোর আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ