২ টাকায় আলু, ৩০ টাকায় চাল: নজর কেড়েছে ‘মানবতার সদাই ঘর’

২ টাকায় আলু, ৩০ টাকায় চাল: নজর কেড়েছে ‘মানবতার সদাই ঘর’

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: পবিত্র মাহে রমজান এলেই যখন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে নাভিশ্বাস ওঠে, ঠিক তখন ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুর রহিম সরকার। নিম্নআয়ের মানুষের স্বস্তির জন্য তিনি চালু করেছেন ‘মানবতার সদাই ঘর’, যেখান থেকে নামমাত্র মূল্যে মিলছে প্রয়োজনীয় পণ্য।

সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে গিয়ে দেখা যায়, এই দোকানে ছিন্নমূল ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বর্তমান বাজারদরের চেয়ে প্রায় অর্ধেক বা তারও কম দামে পণ্য কিনতে পেরে সবার মুখে স্বস্তির হাসি। দোকানটিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ২ টাকায়। এছাড়া ৩০ টাকায় পেঁয়াজ, ১৫ টাকায় লবণ, ৩০ টাকায় চাল, ২০ টাকায় মুড়ি এবং মাত্র ২৫ টাকায় এক হালি ডিম কিনতে পারছেন ক্রেতারা।

পণ্য কিনতে আসা দিনমজুর নজরুল ইসলাম ও মরিয়ম বেগম জানান, বাজারে যখন সবকিছুর দাম ধরাছোঁয়ার বাইরে, তখন এমন সস্তায় সদাই করতে পারা তাদের জন্য বড় আশীর্বাদ। দোকানের দায়িত্বে থাকা কাওছার হাবিব আকাশ জানান, রমজানে অসহায় মানুষ যাতে কষ্টে না থাকে, সেই লক্ষ্য থেকেই এই আয়োজন।

উদ্যোক্তা আব্দুর রহিম সরকার বলেন, "রমজান সহমর্মিতার মাস। সমাজের সবাই যেন ভালোভাবে ইফতার ও সেহরি করতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নিয়েছি। যতদিন সম্ভব আমি এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।" স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সমাজের বিত্তবানদের জন্য আব্দুর রহিমের এই মানবিক উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন