ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন এমপি আবু ওয়াহাব আকন্দ

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন এমপি আবু ওয়াহাব আকন্দ

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহাব জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং উচ্চশিক্ষার প্রসারে এই উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, "আপনাদের উত্থাপিত সকল যৌক্তিক দাবি-দাওয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ময়মনসিংহকে একটি আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।" শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের আহ্বান জানিয়ে দেশ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি ক্যাম্পাসের নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া কলেজের জন্য দুটি নতুন যানবাহন ক্রয়, অডিটোরিয়াম সংস্কার, একটি মসজিদ স্থাপন, অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং পর্যাপ্ত আসবাবপত্র সরবরাহের জোরালো দাবি উত্থাপন করেন।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ডা. মালেকা বিলকিস সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর এই আন্তরিক সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনায় ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ আরও সামনের দিকে এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এবং কলেজের উন্নয়নমূলক চাহিদা পূরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ, সাইদুর জামান শরিফ, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রয় এবং কলেজ ছাত্রদল নেত্রী মার্জিয়া মুনসুর তুষি, সাদিয়া রুজেল, হিমাদ্রা হিমু, হাফিজা আক্তার হিমা ও উম্মে হাবীবাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন