ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজারসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শোরুমের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তাঁরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ওই কক্ষের ভেতরে থাকা বিভিন্ন আবর্জনা ও ককশিট পুড়ে গেছে।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, শুরুতে তিনি ভেবেছিলেন তাঁদের শোরুমের গোডাউনে আগুন লেগেছে। কিন্তু কাছে গিয়ে দেখেন আওয়ামী লীগ অফিসের দোতলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে শুরু করেন তিনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো আনুষ্ঠানিক খবর তাঁদের কাছে পৌঁছায়নি। তবে বিষয়টি নিয়ে তাঁরা খোঁজখবর নেবেন।
অন্যদিকে, শ্রীপুর থানার ওসি অপারেশন সঞ্জয় সাহা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, অফিসের দোতলার কক্ষে প্রচুর আবর্জনা ও ককশিট ছিটানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ধূমপান করতে গিয়ে অসাবধানতাবশত জ্বলন্ত সিগারেট বা বিড়ি ফেলায় ককশিটে আগুন ধরে যেতে পারে। তবে অন্য কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ