নালিতাবাড়ীতে শোকের মাতম: সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র রাব্বী নিহত

নালিতাবাড়ীতে শোকের মাতম: সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র রাব্বী নিহত

পুলক রায়, শেরপুর: কক্সবাজারে আনন্দ ভ্রমণে গিয়ে ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন খোরশেদ রাব্বী (২৬) নামের এক মেধাবী কলেজছাত্র। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাব্বী তাঁর চার বন্ধুর সঙ্গে একটি নোহা গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। দীর্ঘ যাত্রাপথে ভোরের দিকে সাতকানিয়া অংশে তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রাব্বীর অকাল মৃত্যুর খবর নালিতাবাড়ীতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রাব্বী এলাকায় একজন পরোপকারী ও মানবিক তরুণ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করতেন এবং সামাজিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ নালিতাবাড়ী উপজেলা কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। একটি স্বপ্নভরা জীবনের এমন আকস্মিক বিদায়ে পরিবার ও সহপাঠীদের মাঝে চলছে মাতম।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন