ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, শৌচাগার, অপারেশন থিয়েটার ও প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং স্বশরীরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
হাসপাতাল পরিদর্শনকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত ও উপকূলীয় এ অঞ্চলের মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি সচেষ্ট। তিনি তাঁর নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কয়রায় একটি ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান ভবনের সীমাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
চিকিৎসকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, "নবীন ও প্রবীণ চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে চিকিৎসাসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মানুষ চরম অসুস্থ অবস্থায় এখানে আসেন, তাদের সেবায় যেন কোনো প্রকার ঘাটতি না হয়—এটাই আমার প্রত্যাশা।" তিনি হাসপাতালে নিরাপদ পানি নিশ্চিত করা, মানসম্মত খাবার সরবরাহ, অকেজো এক্স-রে মেশিন দ্রুত চালু করা এবং প্যাথলজি বিভাগের জনবল সংকট দূরসহ সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. ওলিউল্যাহ, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন। এছাড়া চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ সুজিত কুমার বৈদ্য, ডাঃ ডান্টন সানা ও আশিক মাহমুদ প্রমুখ। সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ