৫ হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের জামিন

৫ হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়া পাঁচটি মামলার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলি হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা অপর একটি মামলায় তিনি জামিন লাভ করেন। আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগেও হাইকোর্ট তাকে কিছু মামলায় জামিন দিয়েছিলেন, যা পরবর্তীতে আপিল বিভাগে স্থগিত হয়ে গিয়েছিল। ১৮ নভেম্বর তাকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়। আজকের এই জামিন আদেশের ফলে তার কারামুক্তির পথে বড় বাধা দূর হলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন