ময়মনসিংহে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও দোকানে লুটপাট

ময়মনসিংহে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও দোকানে লুটপাট

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাড়েরাপাড় এলাকায় পাওনা টাকা চাওয়ায় রবিন মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিন মিয়ার মনিহারি দোকান থেকে রাতুল মিয়া নিয়মিত বাকিতে মালামাল নিতেন। বকেয়া টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় রবিন টাকা চাইলে রাতুল ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও রাতুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় রাতুলের নেতৃত্বে আলফাজ, কবির ও সজিবসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রবিনের দোকানে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং মালামাল বিক্রির নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

হামলায় ব্যবসায়ী রবিন মিয়া গুরুতর আহত হন। সন্ত্রাসীদের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং মাথায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন ও ক্রেতারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী রবিন বলেন, "পূর্ব শত্রুতা ও পাওনা টাকা চাওয়ার জের ধরে তারা আমার ওপর এই বর্বর হামলা চালিয়েছে। আমি অভিযুক্ত রাতুল ও তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ব্যবসায়ীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন