এলজিইডি সভাকক্ষে নবনির্বাচিত এমপি ডা. কে এম বাবরের মতবিনিময় সভা

এলজিইডি সভাকক্ষে নবনির্বাচিত এমপি ডা. কে এম বাবরের মতবিনিময় সভা

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ এলজিইডি ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গোপালগঞ্জ সংসদীয় আসন-০৩ এর নবনির্বাচিত এই সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় ডা. কে এম বাবরের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান। এছাড়া এলজিইডি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় ডা. কে এম বাবর গোপালগঞ্জ শহরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে পেশাদার পরামর্শ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, জনস্বার্থে গৃহীত কোনো প্রকল্পের কাজ যেন অযথা সময়ক্ষেপণ না করে নির্দিষ্ট মেয়াদের মধ্যে শেষ করা হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে সব ধরণের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করা হবে। তবে কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং কোনো প্রকার অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলে সতর্ক করে দেন।

তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে এলজিইডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি সরকারি দপ্তরের মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকা প্রয়োজন। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অত্যন্ত অল্প সময়ে গোপালগঞ্জকে একটি উন্নত জেলায় রূপান্তরিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় এলজিইডির কর্মকর্তারা জেলার চলমান প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন