শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
শেরপুরে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদিন (৬৬) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনভূমিতে এই ঘটনা ঘটে। আজ শনিবার তাঁর মরদেহ পাহাড় থেকে উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদিন পার্শ্ববর্তী জামালপুর জেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে গারো পাহাড়ের বালিজুরি রেঞ্জের ডুমুরতলা বিট সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে লাকড়ি ও শুকনো কাঠ কুড়াতে যান জয়নাল আবেদিন। একপর্যায়ে তিনি ভারতীয় মেঘালয় সীমান্ত ঘেঁষা ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন বন্যপ্রাণী চলাচলের করিডোর (ওয়াইল্ডলাইফ করিডোর) এলাকার একটি গভীর বাগানে প্রবেশ করেন। তবে সন্ধ্যা পার হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

স্বজনেরা রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ শনিবার (২৭ জুন) সকালে স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও বন বিভাগের কর্মীদের সহায়তায় পরিবারের সদস্যরা পুনরায় পাহাড়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বনের ‘বাগিচা টিলা’ নামক স্থানে জয়নাল আবেদিনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বন বিভাগের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বনের ভেতর একাকী পেয়ে বন্য হাতি তাঁকে পায়ে পিষে ও শুঁড় দিয়ে আছাড় মেরে হত্যা করেছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইআরটি সদস্য ও বন বিভাগের কর্মীদের সহায়তায় দুর্গম পাহাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনায় সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন