দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যেকোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরেও বিশ্ব দরবারে এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূতকে পূর্ণ মন্ত্রী মর্যাদা দেওয়ায় নতুন করে বাংলাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দুই দেশের দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক তৈরিতে আরও বড় ভূমিকা রাখবে বলে গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আজ শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সব সময় তার নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে একযোগে কাজ করে যাবে।”

দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান এবং সুস্থ ধারার বিনোদন উপহার দিতে চান, সরকার সব সময় তাঁদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সব ধরণের আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান শেষে কোর্সে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

মন্তব্য করুন