ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করা হয়েছে: ডা. শফিকুর রহমান

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করা হয়েছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিলেও 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশের যুব সমাজ ও সাধারণ মানুষ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, কারচুপির মাধ্যমে তা নস্যাৎ করা হয়েছে। তবে আমরা বসে থাকব না। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেওয়া হবে। প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় আমরা রাজপথে দাঁড়িয়ে যাব।"

সংসদীয় কার্যক্রম নিয়ে তিনি বলেন, "আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে সোচ্চার থাকব এবং আপনাদের ন্যায্য অধিকার আদায় করেই ছাড়ব। বিশেষ করে ঢাকা-১৫ আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।" দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৫৪ বছরে মানুষ অনেক শাসন ও আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সুযোগ এদেশের মানুষের এখনো হয়নি।

সরকারি দলের নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমীর বলেন, "অবিলম্বে চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর জুলুম বন্ধ করুন। তা না হলে দেশের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।"

ঢাকা মহানগর উত্তরের আমীর ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিমসহ কাফরুল জোনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনমানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন