পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়া-মঠখোলা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকীয়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নাসির উদ্দীন মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে মঠখোলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকার একটি পাঁচতলা ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন