ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের ঝিকরগাছায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় ইমানুর (৩৪) নামের এক মালয়েশিয়া ফেরত প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝিকরগাছার চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত ইমানুর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন ইমানুর। এরপর থেকেই স্থানীয় একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। বুধবার রাতে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২) ও শামিমসহ (৩৩) আরও পাঁচ-ছয়জন তার পথরোধ করে। এ সময় চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে ইমানুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, আহতের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই হামলার ঘটনায় ঝিকরগাছা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, প্রবাসীদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে, যাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মির্জাপুর গ্রামে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ