রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় কৌশলে পালিয়ে গেছে মো. রাজু মিয়া (২০) নামে এক ট্রাকচালক।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) ভোর রাত সোয়া ৩টার দিকে মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল মহাসড়কে অবস্থান নেয়। ভোর রাত ৩টা ১০ মিনিটে সন্দেহভাজনদের তল্লাশি করার সময় ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকচালক ও মামলার দ্বিতীয় আসামি রাজু মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত মো. মুকুল ওরফে কালু রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি এবং পলাতক রাজু মিয়া পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে তা রাজশাহীর মোহনপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।

অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এআইএল/সকালবেলা