সাড়ে চার মাস পর চালু হচ্ছে রৌমারী-চিলমারী রুটে ফেরি চলাচল
নিজস্ব প্রতিবেদক: নাব্য সংকটের কারণে চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌ-রুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী জানান, আগামী ১৪ মে (বৃহস্পতিবার) রৌমারী থেকে ফেরি ‘কদম’ চিলমারীর উদ্দেশে ছেড়ে আসার মাধ্যমে এই সেবা পুনরায় শুরু হবে। পরবর্তীতে এই রুটে ‘কুঞ্জলতা’ ফেরিটিও যুক্ত করা হবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ড্রেজিং করার কারণে এবার নৌ-পথের দূরত্ব প্রায় ৬-৭ কিলোমিটার কমে আসবে। এতে যাত্রীদের সময় সাশ্রয় হবে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপারে সুবিধা দিতে এই রুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর দীর্ঘ আন্দোলনের পর এই ফেরি সার্ভিস চালু হয়েছিল। তবে চালুর পর থেকেই ব্রহ্মপুত্রের নাব্য সংকটের কারণে বারবার এই সেবা বিঘ্নিত হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্যতা সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। প্রায় সাড়ে চার মাস পর ফেরি চালু হওয়ায় দুই তীরের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
ইতিমধ্যে ঘাট এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।