ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সোমবার দুপুরে মণিরামপুর পৌরসভার সামনে 'যুবদূত'-এর উদ্যোগে আয়োজিত “রমজান জনসেবা বাজার”-এ সংঘটিত হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনসেবামূলক উদ্যোগে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের মতো একটি মহৎ কাজে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একটি স্টল ভাঙচুর নয়, বরং সাধারণ মানুষের অধিকারের ওপর আঘাত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না।” তিনি যুবদূত-এর স্বেচ্ছাসেবীদের মনোবল অটুট রেখে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে যুবদূতের উদ্যোগে “রমজান জনসেবা বাজার” চালু করা হয়। এটি স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সম্প্রতি একদল দুর্বৃত্ত বাজারে হামলা চালিয়ে একটি স্টল ভাঙচুর করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এই বাজারটির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ